দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টি ও যানজটে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে।
সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
এদিন ভোর থেকেই থমথমে ছিল আবহাওয়া। বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হয়। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতেই মিরপুর, মতিঝিল, কারওয়ানবাজার, ধানমন্ডি, মগবাজারের দিকে দেখা দেয় যানজট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলমান। ভোগান্তিতে পড়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। অফিসগামীদেরও বাড়তি ভাড়া গুনে যেতে হয় কর্মস্থলে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কয়েকটি বেসরকারি ইউনিভার্সিটি পরীক্ষা স্থগিত করেছে। সিদ্ধান্ত নিয়েছে অনলাইন ক্লাসের।
বৃষ্টি ও যানজটে খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। বৈরী আবহাওয়ার মধ্যেই তাদের বের হতে হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কয়েক বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।
আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
তিনি বলেন, জুলাই মাস স্বাভাবিকভাবেই বৃষ্টিপ্রবণ হওয়ায় এ ধরনের বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। গত ৫ জুলাই থেকে মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
কেএম